পর্যটককে মারধর করে টাকা ছিনতাই, যুবদল নেতাসহ আটক ৩
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষে আটকে রেখে এক পর্যটককে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে মহিপুর থানায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পর্যটক তুহিন।
এর আগে সোমবার (৫ মে) রাত ৩টার দিকে কুয়াকাটার হোটেল ব্লু বার্ডে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা মিরপুর এলাকার শেওড়াপারার বাসিন্দা।
আটক তিনজন হলেন, কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আবাসিক হোটেলের ভাড়াটিয়া মালিক মো. বেলাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪) ও শাকিল (২৪)। অভিযোগের অপর আসামি মো. ইউসুফ হাওলাদার (২৭) পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটার হোটেল ব্লু বার্ডে একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই করে হোটেলের ভাড়াটিয়া মালিকপক্ষ। আরও দুই লাখ টাকা চাঁদার দাবিতে ১০২ কক্ষে তালাবদ্ধ করে বিদ্যুতের সুইচ অফ করে রাখা হয়। আটক পর্যটক তুহিন জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ কল করেন। পরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে পর্যটক তুহিনকে উদ্ধার করে। এ ঘটনায় মহিপুর থানায় চারজনের নামে একটি মামলা হয়েছে।