কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ঝরে পড়েছে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

২৪ জুন ২০২৫ ০৯:৫৭ এএম ৫ Views Admin User
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ঝরে পড়েছে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) ঝরে পড়েছে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী, যা ৫ ভাগের ১ ভাগ। গতবারের চেয়ে এবার ঝরে পড়ার সংখ্যা কমেছে, তবে হার প্রায় একই। গতবছর ঝরে পড়েছিল ২৯ হাজার ২০৪ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ছয় জেলা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ড থেকে জানা গেছে, চলতি বছর কুমিল্লা বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৯০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন। পরীক্ষার আগে এত বড় সংখ্যায় শিক্ষার্থীর বাদ পড়ে যাওয়া শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ অবস্থার বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।